সরকারি সম্পত্তির অপব্যবহার, প্রতারণা ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার গোবিন্দ হাজরা - The News Lion

সরকারি সম্পত্তির অপব্যবহার, প্রতারণা ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার গোবিন্দ হাজরা


 

দি নিউজ লায়ন;   সরকারি সম্পত্তির অপব্যবহার, প্রতারণার অভিযোগে হাওড়ায় তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান, বর্তমানে বিজেপি নেতা গোবিন্দ হাজরাকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তির অপব্যবহার এবং প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গোবিন্দবাবুকে রবিবার রাতে পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করে হাওড়ার লিলুয়া থানার পুলিশ। গোবিন্দবাবু ডাকসাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' বলে পরিচিত ছিলেন। কিছুদিন আগেই তিনি ডুমুরজলায় বিজেপির যোগদান মেলার সভামঞ্চে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।


 ওই সভায় ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন অমিত শাহ। গোবিন্দ হাজরা তৎকালীন জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্বে থাকাকালীন সরকারি সম্পত্তির অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় রবিবার লিলুয়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাঁকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ ৭ দিনের হেফাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানায়।


 এদিকে, এদিন হাওড়া আদালতে আনার সময় গোবিন্দবাবু দাবি করেন, তাঁর যা বলার তিনি আদালতের কাছেই জানাবেন। আদালতের প্রতি তাঁর বিশ্বাস আছে। এদিকে, গোবিন্দ হাজরার গ্রেফতারি প্রসঙ্গে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান যমুনা কয়াল জানান,অনেক দুর্নীতি করেছেন গোবিন্দ হাজরা।  পঞ্চায়েতের সিসি ক্যামেরা ল্যাপটপ সহ একাধিক জিনিস চুরি করেছেন। উপপ্রধান সোনামণি কর্মকার তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। গোবিন্দ হাজরা চরম অন্যায় করেছেন। শাস্তি থেকে অতি চরম শাস্তির প্রয়োজন। আগে ওনার (গোবিন্দ হাজরা) সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহস কারও ছিলনা। সেইজন্যে ভয় মানুষ চুপ করে থাকতো।


বালি জগাছা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সুভাষ রায় জানান, সবকিছু গ্রাস করে রেখেছিলেন উনি। ত্রাস এবং বিভীষিকার পরিবেশ সৃষ্টি করেছিলেন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে। উনি বিজেপিতে চলে যাওয়ায় দলে গণতন্ত্র ফিরে এসেছে। স্বাভাবিকভাবে ওনার বিচার চেয়েছেন মানুষ। পরের জমি জবরদখল করা, প্রশাসনে থেকে প্রশাসনকে ভুলভাবে ব্যবহার করা, সরকারি সম্পত্তি নয়ছয় করা সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 


গোবিন্দ হাজরার গ্রেফতার নিয়ে মন্ত্রী অরূপ রায় বলেন, "দলের সঙ্গে দুর্নীতির কোনও জায়গা নেই। গোবিন্দ হাজরার বিরুদ্ধে অভিযোগ আছে। তাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশ অভিযোগ তদন্ত করে দেখবে। তৃণমূলে থাকলেই যে সে অন্যায় করেনি বা করবে না তা নয়। যদি কেউ অন্যায় করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশাসনের কর্তব্য। কারও বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তিনি কোন দল করতেন, কি পদে ছিলেন তা বড় কথা নয়,তাঁর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই প্রশাসনের কর্তব্য।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.